ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ভূল্লী এলাকায় পৃথক দুটি স্থানে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রামের জাহিদ হাসানের ছেলে এহেসান (৫), একই গ্রামের আবুল কালামের ছেলে কাউসার (৫) এবং ভূল্লী উপজেলার শুখান পুখুরী ইউনিয়নের বাংরোড (মন্ডলপাড়া) এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হোসাইন আহমেদ (৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রাণীশংকৈলের জগদল বস্তি গ্রামে এহেসান ও কাউসার নদীর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা দুজনই তীরনই নদীতে পড়ে ভেসে যায়। টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই শিশু দুটির মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা জানান, খেলাধুলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশু দুটি। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।
অন্যদিকে একই দিন দুপুরে ভূল্লীর শুখান পুখুরী এলাকায় বন্ধুদের সঙ্গে পাশের ভূল্লী নদীর বাংরোড স্লুইসগেটে গোসল করতে যায় পাঁচ বছরের শিশু হোসাইন আহমেদ। গোসলের একপর্যায়ে নদীতে তলিয়ে যায় হোসাইন। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

-6a9845eaa0230.jpg)