Logo
Logo
×
   

সারাদেশ

লক্ষ্মীপুরে আইনজীবী অপহরণ মামলায় গ্রেফতার ১

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

লক্ষ্মীপুরে আইনজীবী অপহরণ মামলায় গ্রেফতার ১

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে সাবেক শিক্ষক ও জেলা জজ আদালতের আইনজীবী আবুল হোসেনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় মেহেদী হাসান তুষারকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ২০২৫ সালের ১৬ মে সদর মডেল থানায় দায়েরকৃত অপহরণ মামলার পলাতক আসামি ছিলেন। 

ভুক্তভোগী শিক্ষক আবুল হোসেনের স্ত্রী হাছিনা আক্তার মামলাটি দায়ের করেন।

গ্রেফতার তুষার লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ভেন্ডর বাড়ির বাহার উদ্দিনের ছেলে। তিনি নিজেকে জামায়াতের লক্ষ্মীপুর শহর যুব বিভাগের সহ-প্রচার সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। 

তবে জামায়াত ২০২৫ সালের ২৯ জুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, তুষার জামায়াতের কেউ নন। তবে সম্প্রতি জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটির পরিচিত সভায় তাকে দেখা গেছে।

ভুক্তভোগী আবুল হোসেন বলেন, তুষার আমাকে অপহরণ করেছেন। টাকাও নিয়েছেন। তিনি আমার ১০ লাখ টাকার মতো ক্ষতি করেছেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমি তার শাস্তি চাই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, তুষার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেফতার করে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্র জানায়, ২০২৫ সালের ১৫ মে শহরের বাগবাড়ি এলাকা থেকে আবুল হোসেনকে জোরপূর্বক মোটরসাইকেল যোগে অভিযুক্ত তুষারসহ প্রায় ১০ জন অজ্ঞাত স্থানে নিয়ে যান। আবুল হোসেন বালিকা বিদ্যা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক ও জেলা জজ আদালতের আইনজীবী। পরে তার পকেটে থাকা বাউবি শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে যান তুষারসহ অভিযুক্তরা। 

এরপরও তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। ওই টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়। পরে তাকে বালিকা বিদ্যা নিকেতন এলাকায় এনে ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে উদ্ধার করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম