Logo
Logo
×
   

সারাদেশ

ফরিদগঞ্জে ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের রাজকীয় বিদায়

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

ফরিদগঞ্জে ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের রাজকীয় বিদায়

৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের রাজকীয় বিদায়: ছবি যুগান্তর

ফুল দিয়ে সাজানো লালগালিচা দিয়ে হেঁটে ঘোড়ারগাড়িতে উঠলেন। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা তাদের হাত উঁচিয়ে বিদায় দিলেন। এভাবেই চাঁদপুরের ফরিদগঞ্জে রাজকীয় বিদায় পেলেন মরণোত্তর একজনসহ অবসরপ্রাপ্ত ছয় শিক্ষক।

উপজেলার প্রত্যাশী রুস্তুম আলী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- সিনিয়র শিক্ষক তপন মজুমদার, সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন খান, সিনিয়র শিক্ষক উত্তম চন্দ্র তালুকদার, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, সিনিয়র শিক্ষক আবুল খায়ের মিয়া ও মরণোত্তর আনোয়ার হোসেন গাজী।   

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম শেখসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট, ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায়ী অতিথিদের হাত দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

আলোচনা সভা শেষে সংবর্ধিত শিক্ষকদের বিদ্যালয় ভবন থেকে লালগালিচায় হেঁটে ফুল দিয়ে সজ্জিত ঘোড়ারগাড়িতে উঠিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে প্রত্যেক শিক্ষককে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম