Logo
Logo
×
   

সারাদেশ

ঝালডাঙ্গা বিলে নৌকা বাইচ, গ্রামবাংলার ঐতিহ্যে প্রাণের উৎসব

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পিএম

ঝালডাঙ্গা বিলে নৌকা বাইচ, গ্রামবাংলার ঐতিহ্যে প্রাণের উৎসব

প্রতিযোগিতায় ৮টি নৌকা অংশগ্রহণ করে।

ফরিদপুরের ভাঙ্গায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আলগীর ঝালডাঙ্গা বিলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

প্রতিযোগিতায় ৮টি নৌকা অংশগ্রহণ করে। বিজয়ী নৌকাসহ অংশগ্রহণকারী প্রতিটি নৌকাকে একটি করে ফ্রিজ প্রদান করা হয়।

এদিকে ঝালডাঙ্গা বিলে নৌকা বাইচ দেখতে দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও এ মিলনমেলায় এসে নৌকা বাইচ উপভোগ করেন।

নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুই পাশের সড়কসহ আশপাশে বসে গ্রামীণ মেলা। রাস্তার ওপর বিভিন্ন ধরনের খেলনা, কসমেটিকস, মিষ্টির দোকানসহ হাজার হাজার দোকানপাট বসে। এতে নারীসহ বিপুলসংখ্যক শিশু-কিশোর ভিড় করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, আমাদের জারি, সারি, ভাটিয়ালি, নৌকা বাইচ গ্রামীণ জনপদের ঐতিহ্য। সবাইকে এ ঐতিহ্য ধরে রাখতে হবে।

নৌকা বাইচ কমিটির আহ্বায়ক মো. শামিম হোসেন বলেন, হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে। এ ধরনের নির্মল বিনোদন আমাদের যুবসমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম