খুলনায় প্রথম দফায় কৃষক কার্ড পাচ্ছেন ২৩ হাজার ১০৫ কৃষক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি সরকারের ঘোষিত নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেওয়ার লক্ষে ব্লক জরিপের কাজ প্রায় শেষ পর্যায়ে। খুলনায় তিন দফা জরিপের মধ্যে দুই দফার কাজ শেষ হয়েছে। বর্তমানে তৃতীয় দফার জরিপ চলছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম দফার জরিপে খুলনার ৯টি উপজেলার ৯টি ইউনিয়নের ২৩ হাজার ১০৫ জন কৃষক কার্ড পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন।
গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসার পর কৃষক কার্ড দেওয়ার লক্ষে ব্লক জরিপের কাজ শুরু হয়।
সূত্র জানায়, প্রথম দফার জরিপে যাচাই-বাছাই শেষে খুলনার ৯টি ইউনিয়নের ২৩ হাজার ১০৫ জন কৃষককে কার্ড দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় দফার জরিপের মাধ্যমে পর্যায়ক্রমে আরও কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হবে।
প্রথম দফায় যেসব ইউনিয়ন কৃষক কার্ডের আওতায় আসছে, সেগুলো হলো রূপসা উপজেলার নৈহাটি, বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, দিঘলিয়া উপজেলার গাজিরহাট, ফুলতলা উপজেলার সদর, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া, তেরখাদা উপজেলার ছাগলাদাহ, দাকোপ উপজেলার সদর, পাইকগাছা উপজেলার হরিঢালি এবং কয়রা উপজেলার সদর ইউনিয়ন।
সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে সাত সদস্যের কমিটি এসব ইউনিয়নের কৃষকদের যাচাই-বাছাই করে কৃষক কার্ড পাওয়ার যোগ্যদের শনাক্ত করেছে। কমিটি মধ্য আগস্ট পর্যন্ত ১৮ হাজার ৪৭৯ জন কৃষকের নাম চূড়ান্ত করে তালিকা ব্যাংকে পাঠিয়েছে। বাকি কৃষকদের তালিকাও পর্যায়ক্রমে পাঠানো হবে।
এই প্রকল্পের আওতায় কৃষকরা জনতা, সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে বার্ষিক অনুদানের অর্থ পাবেন। প্রত্যেক কৃষক বছরে আড়াই হাজার টাকা করে অনুদান পাবেন। বর্তমান সরকারের ৫ বছরের মেয়াদে পর্যায়ক্রমে খুলনা জেলায় ৩ লাখ ৩৮ হাজার ৬০৩ জন কৃষক কৃষক কার্ড পাবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কার্ডধারী কৃষকরা ন্যায্যমূল্যে সেচসুবিধা, প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি, বালাই দমনে পরামর্শ, কৃষিপণ্য বিক্রির সুবিধা, কৃষিবিমা প্রশিক্ষণ, ভর্তুকি ও প্রণোদনা, ঋণ এবং কৃষি উপকরণ পাবেন।
জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার অতিরিক্ত উপপরিচালক মো. তৌহিদীন ভূঁইয়া বলেন, ব্যাংকের মাধ্যমে কৃষকরা কার্ড পাবেন। প্রতিবছর কৃষকরা আড়াই হাজার টাকা করে অনুদান পাবেন।
