স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৯ শিক্ষার্থী হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটছে। এর মধ্যে ৯ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে স্কুল ফিডিংয়ের সরবরাহ করা বনরুটি ও ডিম খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।
তাদের অভিযোগ- সরবরাহকৃত ডিম খাওয়ার পর থেকে শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে ডিমগুলো দেখে মনে হয়েছে নিম্নমানের এবং নষ্ট ডিম সিদ্ধ করে স্কুলে পাঠানো হয়েছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের পেটব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিলে দুপুর ২টার পর একে একে তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, দুপুরে শিক্ষার্থীদের ডিম এবং বনরুটি খেতে দেওয়া হয়। খাওয়ার ১৫ মিনিট পর থেকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসি। কিভাবে সমস্যা হলো সেটা বুঝতে পারছি না।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মাহবুব রহমান বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ শিক্ষার্থী খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- খাবারের কারণে তাদের পেটব্যথাসহ শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জামির মো. হাসিবুস সাত্তার বলেন, এখনো শিশুদের প্রচণ্ড পেট ব্যথা আছে। শিশুদের আমরা অবজারভেশনে রেখেছি, পাশাপাশি আমরা তদারকি করছি। খাবার থেকে এ ধরনের ঘটনা ঘটছে কিনা সেটি তদন্তের পর বলতে পারব। তবে আপনারা জানেন ইতোপূর্বে এ ধরনের ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসন এবং আমরা যৌথভাবে কাজ করছি বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন জানান, স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাবারের কোয়ালিটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য তাদের বহুবার সতর্ক করা হয়েছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে এসব বিষয় আমরা তুলে ধরব। ডিসি স্যার বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি করছেন। তদন্ত প্রতিবেদন পাওয়া পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ইতোপূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলায় তিন দফায় প্রায় দুইশ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটছে। এ নিয়ে চতুর্থবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো।
