মধুপুরে সড়কের পাশ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
Advertisement
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকায় গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রতন সিংহ (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বাসা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে তার লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে একটি সজনে গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রতন সিংহের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রতন সিংহ মধুপুর পৌর শহরের আঙ্গিনাপাড়া এলাকার মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে। তিনি পৌর শহরের দৈনিক বাজারে একটি বরফকল পরিচালনার পাশাপাশি পাথর সরবরাহের ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত সোয়া ১০টার দিকে রতন সিংহ বরফকল থেকে বের হন। এ সময় তার ছেলে উৎস সিংহ তাকে কারখানা থেকে বাসায় যেতে বলেন।
রতন বাসার উদ্দেশে বের হয়েও বাসায় ফিরেননি বলে জানান তার মেয়ে উপমা সিংহ। জানান, তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তার মোবাইল ফোনেও কল করে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে রাত ১২টার দিকে তার মোবাইল ফোন থেকে পরিবারের কাছে কল করে মৃত্যুর খবর জানানো হয়।
রতনের মেয়ে উপমা সিংহ আরও জানান, বেশ কিছুদিন ধরে টাকা-পয়সার লেনদেন নিয়ে পরিবারের বড়দের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। তবে বাসা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে গিয়ে কীভাবে তিনি সেখানে পৌঁছালেন, তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
রতনের ছোট ভাই যতন সিংহ বলেন, ‘এত রাতে তিনি সেখানে কেন গেলেন, সেটি বুঝতে পারছি না। কেউ তাকে ডেকে নিয়ে গিয়েছিল কিনা, সেটিও আমরা বুঝতে পারছি না।’
রতনের বড় ভাই ও ময়মনসিংহ শহরের ঠিকাদার উত্তম কুমার সিংহ বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ময়মনসিংহ থেকে ছুটে এসেছেন। বিষয়টি তিনি কিছুতেই বুঝতে পারছেন না। তবে তাদের যৌথ ব্যবসার হিসাব-নিকাশের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান।
অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) বেলাল জানান, নিহতের মুখ থেকে মদের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের উদ্যোগসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
