মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্মম নির্যাতন
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের টাকা না পেয়ে পারুল আক্তার নামের এক গৃহবধূকে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নির্যাতিত ওই গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পারুল আক্তার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকার মৃত খালেক ব্যাপারীর মেয়ে।
পারুল আক্তার জানান, প্রায় ১৮ বছর আগে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গাবতলী এলাকার মতি মিয়ার ছেলে আমজাদ হোসেন রাজুর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে চার মেয়ে সন্তান জন্ম নেয়। কয়েক বছর ধরে তার স্বামী হোসেন রাজু মাদকাসক্ত হয়ে পড়েছেন।
তিনি আরও জানান, ফুটপাতে সবজি বিক্রি করে কোনো রকমে সংসার চালিয়ে আসছেন তিনি। বড় মেয়ে মেরুন্নেসাকে বিয়ে দিলেও যৌতুকের টাকা দিতে না পারায় মেয়ের জামাই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। বর্তমানে অনেক কষ্টে তাদের সংসার চলছে। এদিকে মাদকাসক্ত স্বামী মাদকের টাকার জন্য প্রায়ই তাকে নানাভাবে নির্যাতন করে আসছেন।
প্রতিদিনের মতো সোমবারও পারুলের কাছে মাদকের টাকা দাবি করেন তার স্বামী। টাকা না দেওয়ায় তাকে মধ্যযুগীয় কায়দায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নির্যাতিত পারুল আক্তারের মা আলেয়া বেগম বলেন, মাদকাসক্ত মেয়ের জামাইসহ মেয়ে পারুল আক্তার ও নাতনিদের নিয়ে আমার কাছেই থাকে। কয়েক দিন পরপর এ ধরনের নির্যাতন চালায়, যা আমি সহ্য করতে পারি না। আমরা শান্তি চাই।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাজু আহমেদ বলেন, পারুল আক্তারকে যেভাবে মারা হয়েছে, তা সহ্য করার মতো নয়। মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করা হয়েছে। আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি এবং তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-6a9ffa8b6dca4.jpg)