গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বাইক আরোহীর
Advertisement
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের গৌরনদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর ও বৃহস্পতিবার দিনগত গভীর রাতে কটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে মেহেদী হাসান তুরাগ (৩০) এবং গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে আরাফাত রহমান বাবু (৩২)।
গৌরনদী হাইওয়ে থানার এএসআই শাহিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী তাজবী পরিবহণের একটি যাত্রীবাহী বাস শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় স্পিড ব্রেকার অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আরাফাত রহমান বাবু ও আরোহী আসাদুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত আসাদুলকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে মহাসড়কের কটকস্থল এলাকায় ঢাকাগামী অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মেহেদী হাসান তুরাগ এবং এক আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তুরাগকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার এসআই সরিফুল ইসলাম জানান, রাতের দুর্ঘটনায় ঘাতক যানটি শনাক্তকরণের চেষ্টা চলছে। শুক্রবার সকালের দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

-6aa3ef8155923.jpg)