প্রবাসে যুবকের মৃত্যু, ৯ মাস পর বাড়ি ফিরল লাশ
Advertisement
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
লিবিয়ায় মৃত্যুর দীর্ঘ ৯ মাস পর সব আইনি জটিলতা পেরিয়ে অবশেষে দেশে ফিরল তরিকুল ইসলাম (২৫) নামে এক প্রবাসী যুবকের লাশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গুরুড়া গ্রামের নিজ বাড়িতে তার লাশ এসে পৌঁছায়। নিহত তরিকুল ইসলাম উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের জাহাঙ্গীর প্রামানিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের হাল ধরতে ও জীবিকার তাগিদে প্রায় ৭ বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তরিকুল। সেখানে অবস্থানকালে গত ৩ জানুয়ারি হঠাৎ তার মৃত্যু হয়। এরপর লাশ দেশে ফিরিয়ে আনতে নানা প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতা পার হতে লেগে যায় দীর্ঘ ৯ মাস।
শনিবার দুপুরে বিমানযোগে লাশটি বাংলাদেশ বিমান বন্দরে পৌঁছানোর পর বেলা ৪টার দিকে গুরুড়া গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় নিহত প্রবাসী তরিকুলের কফিন জড়িয়ে ধরে স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে, পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
পরে বিকাল ৫টায় স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তরিকুলের মরদেহ দাফন করা হয়।
