সাকিবের ভাঙা বাড়িতে সংস্কার, তবে কী...
Advertisement
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
সাকিবের ভাঙা বাড়িতে সংস্কার
|
ফলো করুন |
|
|---|---|
মাগুরা শহরের কেশবমোড়ে সাকিব আল হাসানের ভাঙা বাড়িতে শুরু হয়েছে সংস্কারকাজ। ভেঙে ফেলা জানালা, প্রধান ফটকসহ আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতের কাজ করছেন শ্রমিকরা। তবে কি দেশে ফিরছেন সাকিব আল হাসান? মাগুরায় এ নিয়ে শুরু হয়েছে চর্চা।
সোমবার দুপুরে সাকিবের দোতলা বাড়িটিতে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক ভাঙা জানালা মেরামত করছেন। বাড়ির বিভিন্ন অংশেও সংস্কারকাজ চলছে। তবে বাড়িতে পরিবারের কোনো সদস্যকে দেখা যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সাকিবের বাড়িটি। তার বাবা-মাসহ পরিবারের কেউ বর্তমানে সেখানে বসবাস করেন না।
গত ৫ আগস্ট দিল্লি ফরেন প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লাইভে অংশ নেওয়ার পর সেদিন রাতেই সাকিবের মাগুরার বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ও ভেতরের বিভিন্ন অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বোমা বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয় জানালা, দরজা ও বাড়ির বিভিন্ন অংশ।
দীর্ঘদিন পর এবার সেই ক্ষতিগ্রস্ত অংশেই সংস্কারকাজ শুরু হওয়ায় সাকিবের দেশে ফেরার আলোচনা নতুন করে সামনে এসেছে। এর মধ্যে আগামী ডিসেম্বরে দলীয় নেত্রীর সঙ্গে দেশে ফেরার ইচ্ছা সাকিব প্রকাশ করেছেন- এমন খবরের পর বাড়ি মেরামতের ঘটনাটি স্থানীয়দের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা।
সাকিব দেশে ফিরছেন- এমন কোনো তথ্য পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে ভাঙচুরের কারণে বাড়ির জানালা দিয়ে বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢুকছিল। এ কারণে সাকিবের মা শিরিন রেজা ভাঙা কাচের জানালা মেরামতের জন্য শ্রমিক নিয়োগ করেছেন বলে শুনেছি- জানান সাকিবের মামা স্কুলশিক্ষক বাবলুর রহমান।
২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। তবে ওই বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়।
