হামলা চালিয়ে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
হামলা চালিয়ে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা
|
ফলো করুন |
|
|---|---|
মাগুরায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ নাশকতা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা খালিদ হোসেন টোকনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরে পুলিশ হাতকড়াটি উদ্ধার করতে পারলেও ছিনিয়ে নেওয়া আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি।
খালিদ হোসেন টোকন মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাগুরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মহম্মদপুর উপজেলার চাকুলিয়া গ্রামে টোকনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করে হাতে হাতকড়া পরানো হয়। পরে তাকে নিয়ে মাগুরা শহরে ফেরার পথে পরিবারের নারী সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালান। এ সুযোগে হাতকড়াসহ পালিয়ে যান টোকন।
ঘটনার পর স্থানীয় প্রভাবশালী একটি গোষ্ঠীর সহযোগিতায় শুক্রবার ভোরের দিকে পুলিশ হাতকড়াটি ফেরত পায় বলে জানা গেছে। তবে আসামিকে ছাড়াই ফিরে আসতে হয় পুলিশ সদস্যদের।
তবে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অস্বীকার করেছেন মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি বলেন, টোকন আওয়ামী লীগ করেন। তার বিরুদ্ধে মহম্মদপুর থানায় মামলা রয়েছে। ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে গেলে তিনি পালিয়ে যান। পুলিশের কোনো হাতকড়া খোয়া যায়নি।
