রোগীকে হাসপাতালে রেখে ফেরার পথে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম
দয়াল মিয়া ও সজীব মিয়া। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে দয়াল মিয়া এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি যাত্রী নিয়ে চাতলপাড়ের দিকে ফিরছিল। পথে খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল ও সজীবকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর থানার ওসি মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

