আইনজীবীর সহকারীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়েছেন স্ত্রী
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
নুরুজ্জামান হাওলাদার
|
ফলো করুন |
|
|---|---|
দাম্পত্য কলহের জেরে স্ত্রীর হাতে আইনজীবীর সহকারীকে খুনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন। স্থানীয়দের ধারণা, হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন স্ত্রী।
খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে ওই দিন সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ঘটনাটি ঘটেছে বরিশাল মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনির আহসান হাবিবের ভাড়াটিয়া বাড়িতে।
নিহত নুরুজ্জামান হাওলাদার (৫৫) পেশায় বরিশাল আদালতের এক আইনজীবীর সহকারী (মুহুরি) ছিলেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিন থেকে নুরুজ্জামানের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী নাসিমা বেগমের দাম্পত্য কলহ চলে আসছিল।
পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের কারণে সোমবার দিবাগত রাতে স্ত্রী নাসিমা বেগম তার স্বামী নুরুজ্জামানকে আঘাতের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। পরবর্তীতে বাসার বাহির থেকে তালাবদ্ধ করে নাসিমা আত্মগোপন করেছেন।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ওই বাসা থেকে নুরুজ্জামান হাওলাদারের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও জানিয়েছেন, নিহত নুরুজ্জামান হাওলাদার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। কর্মের সুবাদে তারা ইছাকাঠী এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিহতের পলাতক স্ত্রীকে আটক ও পুরো ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে ওসি জানান।
