আটক ৫ বাংলাদেশিকে আট দিনেও ফেরত দেয়নি বিএসএফ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
বিএসএফের হাতে আটক ৫ জন
|
ফলো করুন |
|
|---|---|
পাট কিনে নৌকা নিয়ে ফেরার পথে ভারতের সীমান্তে চলে যাওয়ায় বিএসএফ আটক করে ৫ জন বাংলাদেশিকে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ৮ দিন অতিবাহিত হলেও তাদের ফেরত দেয়নি বিএসএফ।
এদিকে আটকদের স্বজনরা জানতে পেরেছেন তাদের ইতোমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তারা ফিরে না আসায় পরিবারের লোকজনও হতাশার মধ্যে পড়েছেন।
এ বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে বৈঠক শেষে আটকদের পরিবারের কাছে তাদের ফিরে আনার ব্যাপারে আশ্বস্ত করেছেন।
জানা গেছে, ৭ সেপ্টেম্বর রাজশাহীর বাঘা সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে ফেরার পথে ভুলবশত ভারতীয় সীমানায় চলে য়ায় রাজশাহীর বাঘা উপজেলার দুই মাঝিসহ তিনজন পাট ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নৌকায় থাকা পাটসহ ৫ জনকে আটক করে নিয়ে যায়। পরে বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পে যোগাযোগ করা হলে ৯ সেপ্টেম্বর বিকালে পতাকা বৈঠক করেন বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে জানানো হয়- তাদের ফেরত দেওয়া হবে না। সরকারিভাবে আবেদন করে তাদের ফেরত নিতে হবে।
আটক ব্যক্তিরা হলেন- বাঘা উপজেলার আলাইপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২২), ইউনুস মন্ডলের ছেলে শাহাবুল আলী (৪২), শাজাহান আলীর ছেলে বাবর আলী (৪৫) এবং একই এলাকার নৌকার মাঝি জামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪১) ও সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৮)।
বিএসএফের হাতে আটক মোশারফ হোসেনের পিতা গোলাম মোস্তফা বলেন, এমপি ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা বলেছেন। দুই-এক দিনের মধ্যে তারা ফিরে আসবেন বলে আশ্বাস দিয়েছেন।
এদিকে আটক আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন আটক ৫ জনকে ভারতের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান বলেন, বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা (বিএসএফ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বিষয়টিকে কূটনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় নেওয়ার নির্দেশ পেয়েছে। এ কারণে তাৎক্ষণিক তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। তাদের জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিলে তাদের ফেরত আনার বিষয়ে আশ্বাস দিয়েছেন।
