স্ত্রীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই সন্তানের লাশ কাঁধে
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
বাবা আব্দুল কাদেরের কোলে শিশু আব্দুর রহমান
|
ফলো করুন |
|
|---|---|
মা নেই। তিন মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন আয়েশা বেগম। মায়ের শূন্যতা বুঝে ওঠার আগেই পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল তিন বছরের শিশু আব্দুর রহমানের।
মৃত আব্দুর রহমান ওই গ্রামের বাসিন্দা ও সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদেরের ছেলে। তার মা আয়েশা বেগমও গোবরচিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
এদিকে স্ত্রীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলেকে হারিয়ে পাথর হয়ে গেছেন আব্দুল কাদের। নিভে গেল সাজানো গোছানো পরিবারের হাসি। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম সকদিরামপুর গ্রামে।
স্বজনরা জানান, তিন ভাইয়ের মধ্যে আব্দুর রহমান ছিল সবার ছোট। মায়ের মৃত্যুর পর বাড়িতে তাকে দেখাশোনার মতো কেউ ছিল না। তাই বাবার কর্মস্থলই হয়ে উঠেছিল তার আপন ঠিকানা। প্রতিদিনের মতো মঙ্গলবারও বাবার সঙ্গে স্কুলে গিয়েছিল ছোট্ট আব্দুর রহমান; কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে সবার অজান্তে সে পড়ে যায় পাশের পুকুরে। পরে শিশুটিকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি। যে সন্তানকে মায়ের মমতা থেকে বঞ্চিত হওয়ার পর নিজের বুকে আগলে রাখছিলেন, সেই সন্তানই আজ তাকে ছেড়ে চলে গেল।
মাত্র তিন মাস আগে স্ত্রী আয়েশা বেগমকে হারিয়েছেন আব্দুল কাদের। সেই শোক এখনো তার হৃদয়ে তাজা। স্ত্রীর স্মৃতি আর ছোট ছেলেকে ঘিরে বেঁচে থাকার যে সামান্য আশাটুকু ছিল, মর্মান্তিক এ ঘটনায় তাও যেন ভেঙে চুরমার হয়ে গেছে।
