মদনে ছোট বোনকে ছুরি মেরে কিশোরীকে অপহরণ
Advertisement
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার মদনে ছোট বোন শ্রাবন্তী আক্তারকে (১৩) ছুরিকাঘাত করে বড় বোন বৃষ্টি আক্তারকে (১৭) অপহরণ করেছে দুই যুবক। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রেস ক্লাবের সামনের এ ঘটনার পর আহত শ্রাবন্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও স্বজন সূত্রে জানা গেছে, মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদ্মশ্রী নওধার গ্রামের আলীম উদ্দিনের দুই মেয়ে ও ভাতিজা ইমরান (৪) মদন সদরে আসে। বৃষ্টি আক্তারের মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজে নবম শ্রেণির ফর্ম ফিলাপ করার কথা ছিল। মদন স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় উপজেলা প্রেস ক্লাবের সামনে শ্রাবন্তীকে ছুরিকাঘাত করে দুই যুবক বৃষ্টিকে তুলে নিয়ে যায়। এরপর শ্রাবন্তীকে পথচারীরা মদন হাসপাতালে ভর্তি করে। সে এখনো অচেতন অবস্থায় রয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাফরিন সুলতানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রাবন্তী বোনকে হয়তো নিতে বাধা দিয়েছিল। পরে ধারালো ছুরি দিয়ে মাথায় ও হাতে আঘাত করে বৃষ্টিকে নিয়ে গেছে।
পুলিশের দাবি, যারা ঘটনা ঘটিয়েছে, তাদের সঙ্গে বৃষ্টির পূর্বপরিচয় হয়তো ছিল। দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে।
মদন থানার ওসি মো. সালাউদ্দিন করিম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেখানেই থাকুক না কেন, আমরা খুঁজে বের করবই। এ বিষয়ে তদন্ত হচ্ছে। মোবাইল ট্র্যাকিং চলছে।
