জলপাই পাতার মুকুটে সংবর্ধিত ইউএনওসহ ৩ জন
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রশাসক হিসেবে জনদুর্ভোগে দ্রুত সাড়া ও সমাধানের চেষ্টা এবং নিজেদের অর্থ ও শ্রম দিয়ে সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনজনকে মাথায় জলপাই পাতার তৈরি শান্তির মুকুট এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দিল চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম। সংবর্ধিত তিনজন হলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া, ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজা ও আজিজুর রহমান রাজন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌর নাগরিক ফোরামের আহ্বায়ক মোশারেফ হোসেন নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইমাম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- সাবেক শিক্ষক জাকির হোসেন, মামুন সর্দার, মো. ইউনুছ মিজি, জহির গাজী প্রমুখ।
উল্লেখ্য, বিদায়ী ইউএনও ও পৌর প্রশাসক তার কার্যকালে পৌরসভার নাগরিকদের জনদুর্ভোগ লাঘবে দ্রুত সাড়া দিয়ে পৌরবাসীর মনে আস্থা অর্জন করেছেন। অন্যদিকে ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজা নদীর কচুরিপানা, রাস্তার পাশের জমে থাকা আবর্জনা ও গুল্মগাছালি এবং ড্রেনে নেমে নিজের হাতে পরিষ্কার করে জনর্দুভোগ লাগব করেছেন। অন্যদিকে আজিজুর রহমান রাজন সড়কে সৃষ্টি হওয়া গর্ত মেরামতে নিজের অর্থ দিয়ে ইট সুড়কি ও বালি দিয়ে তা ভরাট করে দুর্ঘটনা হ্রাসে সহায়তা করেছেন।
এ ব্যাপারে পৌর নাগরিক ফোরাম কর্তৃপক্ষ জানান, ২০২৬ সাল থেকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ ধরনের সম্মাননা শুরু হয়েছে। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে এবং তা বাড়বে।
