|
ফলো করুন |
|
|---|---|
যশোরের চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা ও ভাগ্নে। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো—ফুলসারা গ্রামের আরিফ হোসেন ঢালির ছেলে আবু হুরাইরা (৪) এবং তার ভাগ্নে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদ হাসান (৩)।
জানা যায়, রোববার বিকাল ৫টার দিকে দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা। পরে দুই শিশুকে চৌগাছা আনিছুজ্জামান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
