পাঁচবিবিতে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫৫ বছর বয়সি হামিদুল শেখ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগড় গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে ভুক্তভোগী ছাত্রী নিজ বাড়ির আঙিনায় কাজ করছিল। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী চাচা হামিদুল শেখ জোরপূর্বক তার মুখে ওড়না প্যাঁচিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ঘটনাটি কারো কাছে প্রকাশ না করার হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তাকে নির্যাতন করা হয়।
ঘটনার প্রায় ৫ মাস পর ভুক্তভোগী ছাত্রী অসুস্থ হয়ে পড়লে এবং পরবর্তীতে তার শারীরিক পরিবর্তন (অন্তঃসত্ত্বা) দেখা দিলে বিষয়টি পরিবারের নজরে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২৫ সালের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মাসুম।
বিচার প্রক্রিয়ায় উপযুক্ত সাক্ষী ও তথ্যপ্রমাণাদি উপস্থাপন শেষে আদালত মঙ্গলবার এ রায় প্রদান করেন।
