উলিপুরে শিশুশ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের উলিপুরে এক শিশুশ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী (৬)। গত ২৪ সেপ্টেম্বর দুপুরে প্রতিবেশী সিদ্দিক হোসেনের (৫৫) বাড়ির উঠানে তার নাতির সঙ্গে শিশুটি খেলাধুলা করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে সিদ্দিক হোসেন ওই শিক্ষার্থীকে কৌশলে তার শয়ন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই শিশু চিৎকার শুরু করলে সিদ্দিক হোসেন অবস্থা বেগতিক দেখে শিশুটিকে প্যান্ট পরিয়ে হাতে ৫ টাকার নোট দেন এবং কাউকে কিছু না বলার হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।
পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে এসে তার মাকে ঘটনার বিস্তারিত বলে। শিশুর পরিবার বিষয়টি নিয়ে সিদ্দিক হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি সবার সঙ্গে মারমুখী আচরণ শুরু করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সিদ্দিক হোসেনকে আসামি করে উলিপুর থানায় সোমবার রাতে মামলা করেন। সিদ্দিক হোসেন ওই এলাকার আ. সাত্তার আলীর ছেলে বলে জানা গেছে।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মঙ্গলবার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।
