তিন মাস পর ফেসবুক ভিডিওর মাধ্যমে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী
Advertisement
মতিউর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
তিন মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজেছেন পথে পথে। রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজার, আত্মীয়ের বাড়ি, অচেনা শহরের অলিগলি কোথায় যাননি তিনি! চোখের সামনে বারবার ভেসেছে প্রিয়তম স্ত্রীর মুখটি। কখনো মনে হয়েছে, এই বুঝি কোথাও দেখা মিলবে। আবার কখনো দীর্ঘ অপেক্ষার ভারে ম্লান হয়েছে সব আশা।
কিন্তু স্ত্রীকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থামেনি। শেষ পর্যন্ত ফেসবুকের একটি ভিডিওই খুলে দিল সেই হারানো ঠিকানার দরজা।
ভিডিওতে স্ত্রীকে দেখেই যেন বুকের ভেতর জমে থাকা তিন মাসের উৎকণ্ঠার অবসান ঘটল। পরিচয় ও অবস্থান নিশ্চিত করেই ছুটে গেলেন তিনি। আর সেখানে গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। তিন মাসের অপেক্ষা আর কষ্ট যেন মিশে গেল সেই এক আলিঙ্গনে। এটি ছিল ওই পরিবারের জন্য একটি ঐতিহাসিক ঘটনা।
মানিকগঞ্জের সাটুরিয়ায় ঘটেছে ভালোবাসা আর মানবিকতার এই আবেগঘন ঘটনা। প্রায় তিন মাস আগে সাটুরিয়ার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মানসিকভাবে অসুস্থ ওই নারী। স্ত্রী নিখোঁজ হওয়ার পর স্বামী পাগলপ্রায় হয়ে হন্যে হয়ে তাকে খুঁজতে থাকেন। আত্মীয়-স্বজনের বাড়ি থেকে শুরু করে রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজারসহ বিভিন্ন জায়গায় ছুটেছেন।
অচেনা শহরের অলিগলিতেও খুঁজেছেন প্রিয় মানুষটিকে। অন্যদিকে নিজের নাম-ঠিকানা পর্যন্ত ভুলে যাওয়া ওই নারী তখন দিন কাটাচ্ছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের রাস্তার পাশে। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে, ক্ষুধার্ত অবস্থায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছিলেন একটু আশ্রয়ের আশায়। চারপাশে মানুষের ভিড় থাকলেও আপনজনহীন সেই জীবনে ছিল গভীর একাকিত্ব।
ঠিক সেই সময় তার পাশে দাঁড়ান স্থানীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর 'ভয়েস অব রবিউল ভাই'। রাস্তার পাশে অসহায় ওই নারীকে দেখে কষ্ট পান তিনি। তাকে এড়িয়ে না গিয়ে তার মানবিক দুর্দশার কথা তুলে ধরে একটি ভিডিও তৈরি করেন। পরে ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন।
তারপর ঘটল এমন কিছু, যা ওই নারী কিংবা তার স্বামী কেউই হয়ত ভাবতে পারেননি। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মানুষের শেয়ার আর শেয়ারের হাত ধরে একপর্যায়ে সেটি পৌঁছে যায় ওই নারীর স্বামীর মোবাইল ফোনে। তবে স্বামী নাম পরিচয় গোপন রাখার অনুরোধ ছিল গণমাধ্যমের কাছে।
ভিডিওতে স্ত্রীকে দেখেই তাকে চিনে ফেলেন স্বামী। আর কোনো অপেক্ষা নয়। পরিচয় ও অবস্থান নিশ্চিত করে দ্রুত ছুটে যান নির্দিষ্ট স্থানে। গেল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দীর্ঘ প্রায় তিন মাস পর অবশেষে খুঁজে পান স্ত্রীকে।
স্বামীকে দেখেই ওই নারীও চিনতে পারেন তাকে। মানসিকভাবে অসুস্থ হলেও এতদিনের চেনা মানুষটিকে চিনতে বিন্দুমাত্র ভুল করেননি। স্ত্রীকে চোখের সামনে পেয়েই নিজেকে আর সামলে রাখতে পারেননি স্বামী। রাস্তার পাশেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তের সাক্ষী পথচারী ও স্থানীয় বাসিন্দারা। কেউ কথা বলছিলেন না। সবাই যেন নীরবে দেখছিলেন দীর্ঘ বিচ্ছেদের পর দুটি মানুষের ফিরে পাওয়ার দৃশ্য। স্বামীর চোখের পানি আর স্ত্রীর নির্বাক উপস্থিতিতে তৈরি হয়েছিল এমন এক আবেগঘন মুহূর্ত, যা উপস্থিত অনেককেই হৃদয় ছুঁয়ে যায়।
তিন মাস ধরে যে নারী ছিলেন ঠিকানাহীন, আপনজনহীন, সেই নারী স্বামীর কাছে ফিরে যেন আবার খুঁজে পেলেন তার সেই নিরাপদ আশ্রয় স্বামীকে। স্ত্রীকে ফিরে পাওয়ার পর চোখের পানি মুছতে মুছতে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বামী।
কন্টেন্ট ক্রিয়েটর রবিউল হক বলেন, রাস্তার পাশে অসহায় অবস্থায় ওই নারীকে দেখে আমার ভীষণ কষ্ট হয়। তখনই মনে হয়েছিল, যেভাবেই হোক তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই উদ্দেশ্যেই তার বিষয়টি নিয়ে একটি ভিডিও করে ফেসবুকে শেয়ার করেছিলাম। অবশেষে গত মঙ্গলবার তার স্বামী এসে তাকে নিয়ে যান। সেই মুহূর্তটি আমার জন্য সত্যিই আবেগঘন ও স্মরণীয় হয়ে থাকবে। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। তিনি বলেন, একজন অসহায় মানুষকে তার আপনজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।
