ধলেশ্বরী নদীতে ভেসে উঠল মাথাবিহীন নারীর লাশ
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ওই নারীর অর্ধগলিত লাশটি উদ্ধার করে। তবে লাশের সঙ্গে মাথা না থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য রোববার সন্ধ্যায় লাশটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোথাও হত্যার পর লাশ গুম করতে নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরে ভাসতে ভাসতে লাশটি চর কৃষ্ণপুর এলাকায় চলে আসতে পারে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনসহ জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
