বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে দল দায় নেবে না: এমপি ফয়সল
Advertisement
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির নাম ব্যবহার করে কেউ জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও দখলবাজি করলে দল তার দায় নেবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এসএম ফয়সল। তিনি বলেছেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (৪ অক্টোবর) বিকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের মৌজপুর সাহেববাড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের উন্নয়ন ও সুশাসনের কথা তুলে ধরে এমপি ফয়সল বলেন, বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং জনগণের কাছে দায়বদ্ধ। অপরাধীদের বিষয়ে সরকার কঠোর অবস্থানে (হার্ড লাইনে) রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। জনগণের সম্পদ জনগণের হাতেই পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারি কাজে এখন কোনো কারচুপি নেই; সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।
বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাতের কারণে দেশে তেল-গ্যাসসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সংকট সমাধানে সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণের কষ্ট লাঘবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সম্প্রতি এক নারী নেত্রীকে সংসদ সদস্য পদ হারাতে হয়েছে। তাই দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
৪নং আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন— মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, প্রচার সম্পাদক ফজলুল রহমান (বুলেট) প্রমুখ।
জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
