দুই গাড়ির মাঝে চাপা পড়ে ফেরিঘাটের লাইনম্যান নিহত
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে দুই গাড়ির মাঝে চাপা পড়ে মো. আশরাফ হোসেন নামে এক লাইনম্যান নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বক্তাবলী ফেরিঘাটে যানবাহন ওঠানামার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ হোসেন পূর্ব গোপালনগর বক্তাবলী এলাকার হোসেন মিয়ার ছেলে। তিনি ফেরিঘাটের লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বক্তাবলী ফেরিতে যানবাহন পারাপারের তদারকি করছিলেন আশরাফ। এ সময় একটি কাভার্ডভ্যান পেছনের দিকে সরে গেলে সেটির পেছনে থাকা একটি ট্রাকের মাঝে তিনি আটকা পড়েন। দুই ভারি যানের চাপে আশরাফ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে তার লাশ বাড়ি নিয়ে যান।
এ বিষয়ে নৌ-পুলিশের বক্তাবলী ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সেলিমুজ্জামান জানান, ফেরিঘাটে দায়িত্ব পালনকালে দুটি গাড়ির মাঝখানে চাপা পড়ে আশরাফ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
