দেশি-বিদেশি দৌড়বিদদের পদচারণে মুখর রায়পুরা, অংশ নিলেন প্রায় এক হাজার প্রতিযোগী
Advertisement
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম
ভোর ৫টায় আনুষ্ঠানিকভাবে দৌড় শুরু হয়।
|
ফলো করুন |
|
|---|---|
সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়া, শরীরচর্চায় উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন। এতে দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেন। বিভিন্ন বয়সি নারী-পুরুষের অংশগ্রহণে আয়োজনটি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (৯ অক্টোবর) ভোরে রায়পুরা উপজেলা পরিষদ চত্বর থেকে এ ম্যারাথন শুরু হয়। ভোর ৪টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। পরে ভোর ৫টায় আনুষ্ঠানিকভাবে দৌড় শুরু হয়। প্রতিযোগীরা উপজেলা পরিষদ চত্বর থেকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক ধরে হাসনাবাদ ১০ নম্বর সেতু পর্যন্ত গিয়ে আবার শুরুর স্থানে ফিরে আসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যারাথনের স্পনসর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান এবং রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ শিকদারসহ অন্যরা।
প্রতিযোগীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সকাল থেকে দুপুর পর্যন্ত নির্ধারিত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। প্রায় ২০০ স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ, আনসার ও গ্রামপুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
ঢাকা থেকে আসা প্রতিযোগী সুবাহা মাহাদি সিদ্দিকী বলেন, মায়ের অনুপ্রেরণায় আমি দৌড় শুরু করি। রায়পুরার মেঠোপথে আয়োজিত এ ম্যারাথন আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে।
সত্তরোর্ধ্ব বয়সেও ৪২ কিলোমিটার দৌড়ে অংশ নেন মো. কবির উদ্দিন। তিনি বলেন, রায়পুরার সুন্দর দৌড়পথ ও প্রাকৃতিক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে।
সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজার প্রতিযোগী রায়পুরায় অংশ নেওয়ায় আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও বেশি দৌড়বিদকে নিয়ে বড় পরিসরে ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আয়োজক কমিটির আহ্বায়ক ও ইউএনও মো. মাসুদ রানা বলেন, উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজনে সহযোগিতাকারী সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রায়পুরা রানার্স কমিউনিটির অ্যাডমিন ও আয়োজক কমিটির সমন্বয়ক সবুজ শিকদার বলেন, তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা, মাদকমুক্ত সমাজ গড়া, রায়পুরাকে দেশ-বিদেশে ইতিবাচকভাবে তুলে ধরা এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

