সিলেটে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ জন নিহত
Advertisement
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ছুটির দিনে সিলেটে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের এক সাবেক প্রবাসী ও এক ব্যবসায়ী। এ ঘটনায় তাদের অন্তত আটজন সফরসঙ্গী আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ নম্বর উপাদী দক্ষিণ ইউনিয়নের করবন্দ গ্রামের (৮ নম্বর ওয়ার্ড) হাসিম বকাউলের ছেলে মো. সোহেল বকাউল (৩৬) এবং একই ইউনিয়নের পিংরা গ্রামের (২ নম্বর ওয়ার্ড) খালেক তপদারের ছেলে মো. খায়রুজ্জামান পিপুল (৪৫)।
পিপুল চাঁদপুর শহরের ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি নাট্য সংগঠন চাঁদপুর ড্রামার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার শাহাদাত হোসেন মিঠু, মান্দারী এলাকার সফিক মোল্লা ও সুজন খান, মাইক্রোবাসচালক শরীফ হোসেন এবং মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তাহের ভাট ও আলন প্রধানীয়াসহ আরও দুজন।
আহত সফরসঙ্গী সুজন খান জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকা থেকে একটি মাইক্রোবাসে করে তারা সিলেটের উদ্দেশে রওনা হন। শুক্রবার সকাল ৭টার দিকে তাদের গাড়িটি সিলেটের শেরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি তাদের মাইক্রোবাসে সজোরে আঘাত করে। আঘাতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।
এ সময় মাইক্রোবাসে থাকা সোহেল বকাউল ও খায়রুজ্জামান পিপুল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় গাড়ির অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানান সুজন খান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা।

-6ac90692b2f8e.jpg)