সাজেকে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক
Advertisement
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাজেকে সশস্ত্র সন্ত্রাসীদের সরিয়ে নেওয়া এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়ার প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।
পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ায় রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে এ অবরোধ কর্মসূচি শুরু হবে।
শনিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠন দুটির নেতারা এ কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর আয়োজিত এক সমাবেশ থেকে সাজেকে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ সংগঠন দুটির। এ কারণে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, জেএসএসের নামে একটি সশস্ত্র দল সাজেকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। স্থানীয় বাসিন্দাদের নিয়মিত হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানানোয় প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উলটো প্রতিবাদকারীদের দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানি করেছে বলেও দাবি করা হয়।
সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাজেকবাসীর নিরাপত্তা এবং জানমাল রক্ষার স্বার্থে এ কর্মসূচি পালনে তারা বাধ্য হয়েছেন।
বিবৃতিতে সড়ক অবরোধ সফল করতে সাজেক ইউনিয়নসহ বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলার যানবাহন মালিক-শ্রমিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে, সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, অবরোধের বিষয়ে আয়োজকেরা পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে রোববার সকাল থেকে অবরোধ কর্মসূচি পালনের কথা শুনেছি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। শনিবার থেকে এলাকায় টহল জোরদার করা হয়েছে। এদিন যানবাহন চলাচল স্বাভাবিক ছিল বলেও জানান তিনি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, সাজেকে সড়ক অবরোধের কর্মসূচির কথা আমরা শুনেছি। এ কারণে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় শনিবার সকালেই পর্যটকেরা সাজেক ছেড়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

