পুলিশ পরিদর্শক আবদুর রহিমকে এবার খুলনায় বদলি
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম
আবদুর রহিম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের অভিযোগের পর খুলশী থানার সেই ওসি মোহাম্মদ আবদুর রহিমকে দ্বিতীয় দফায় খুলনায় বদলি করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বদলি সংক্রান্ত চিঠিটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে পৌঁছায়।
এর আগে গত বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
বুধবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর এক আদেশে আবদুর রহিমকে নগর বিশেষ শাখায় বদলি করা হয়েছিল।
সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে সিএমপির উপ-কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন নেতৃত্বে নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতার করতে টাইগারপাস এলাকায় চসিক নগর ভবনে যায় খুলশী থানা পুলিশের একাধিক টিম। তবে সেখান থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের হস্তক্ষেপে বগাকে গ্রেফতার করা যায়নি বলে তার প্রতিপক্ষের লোকজন অভিযোগ করেছেন। পরদিন বুধবার সকালে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রামে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন খুলশী থানার ওসি আবদুর রহিমের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ প্রীতির’ অভিযোগ এবং তিনি কীভাবে এ সরকারের আমলে ওসি হয়েছেন- সে প্রশ্ন তোলেন।
এ অভিযোগের পর একইদিন বিকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর এক আদেশে আবদুর রহিমকে নগর বিশেষ শাখা-সিটিএসবিতে বদলি করা হয়।
সূত্র আরও জানায়, চসিক কার্যালয়ে অভিযানের সময় তৎকালীন ওসি আবদুর রহিম ছুটিতে ছিলেন। ছুটির গ্রহণ এবং ছুটি শেষে যোগদান সংক্রান্ত নথিতে দেখা যায়, সোমবার বিকাল ৩টার পর থেকে ছুটিতে ছিলেন তৎকালীন খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম। দুইদিনের ছুটি শেষে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তিনি কর্মস্থলে যোগ দেন।
এরমধ্যে তিনি জানতে পারেন, ছুটিতে থাকাবস্থায় তাকে সিটিএসবিতে বদলি করা হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে পূর্বের কর্মস্থল ত্যাগ করেন। সবশেষ শনিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাওয়া এক প্রজ্ঞাপনে আবদুর রহিমকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ পরিদর্শক আবদুর রহিম বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে আমাকে খুলনায় বদলি করা হয়েছে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারি, যেখানে বদলি করা হবে, সেখানেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। এরইমধ্যে আমি ছাড়পত্র নিয়ে ফেলেছি।

