প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি বেলাল হোসেনের মা সফুরা বেগম মারা গেছেন। আদালতের নির্দেশে চার ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে তিনি রোববার বাদ জোহর উপজেলার পাইকপাড়া এলাকায় মায়ের জানাজা পড়ান। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।
জানা গেছে, বেলাল হোসেনের মা সফুরা বেগম (১০০) বার্ধক্যজনিত কারণে শনিবার দুপুরে নিজ বাসভবনে মারা যান। তিনি দুপচাঁচিয়ার পাইকপাড়া গ্রামের মৃত ছইমুদ্দিন প্রামাণিকের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বগুড়ার জেল সুপার আসাদুর রহমান জানান, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য বেলাল হোসেনকে রোববার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বেলাল হোসেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুপচাঁচিয়ায় আবু রায়হান হত্যাসহ কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা তাকে জয়পুরহাট থেকে গ্রেফতার করেছিলেন। এরপর থেকেই তিনি কারাবন্দি রয়েছেন।
