শ্রীপুরে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা
Advertisement
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম
শ্রীপুর থানা
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউটরের ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
তিনি জানান, শ্রীপুরের বিকাশ ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’-এর মালিক মো. মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে শনিবার দিবাগত রাতে শ্রীপুর থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ব্যাংক বন্ধ থাকা এবং পোশাক কারখানার শ্রমিকদের বেতনের চাপের কারণে নগদ টাকার সংকটে পড়েন তারা। এ কারণে নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীকে ডিজিটাল ব্যালেন্স বুঝিয়ে দিয়ে তার কাছ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ ৪ কোটি টাকা নিয়ে একটি প্রাইভেটকারে মাওনা চৌরাস্তা অফিসের উদ্দেশে রওনা হন কর্মীরা।
তিনি বলেন, প্রাইভেটকারটি কর্ণপুর এলাকায় পৌঁছামাত্র বেশ কয়েকটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা সেটির গতিরোধ করে। এ সময় তারা পিস্তল উঁচিয়ে অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং গাড়ির পেছনের অংশে থাকা তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে। পরে গাড়িতে ফেলে যাওয়া একটি বস্তার টাকা গণনা করে দেখা যায় সেখানে ১ কোটি ৭০ লাখ টাকা রয়েছে। ফলে ছিনতাই হওয়া বাকি দুটি বস্তায় খোয়া গেছে ২ কোটি ৩০ লাখ টাকা।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারে থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব ও পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে।
