গাজীপুর সিটির ২৫৮৭ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন
Advertisement
শাহ সামসুল হক রিপন, গাজীপুর
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) আটটি জোনে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়নে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মহানগরের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, পণ্য পরিবহণ সহজীকরণ এবং পরিবেশবান্ধব নগরায়ণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যোগাযোগ এবং পণ্য পরিবহণ দ্রুত ও সহজ করতে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ব ইজতেমায় প্রতিবছর বিপুলসংখ্যক মুসল্লির সমাগমকে বিবেচনায় নিয়ে গাজীপুরের যোগাযোগ ও নাগরিক অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের প্রত্যাশা ব্রিজ থেকে কড্ডা-মির্জাপুর হয়ে রাজেন্দ্রপুর পর্যন্ত ৪১ কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট-সেরালীবাড়ি ব্রিজ পর্যন্ত নির্মিত সড়ক থেকে ফুলচান মার্কেট-ভাওয়াল রেলস্টেশন-ধীরাশ্রম রেলস্টেশন ও বনমালা সড়ক হয়ে টঙ্গী উড়ালসেতুর নিচ দিয়ে তুরাগ নদের পাড় পর্যন্ত ৩৬ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে।
এ দুটি গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি মহানগরের বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করতে আরও ছোট-বড় ৩৪টি সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। সড়কগুলোর পাশে ৮০ হাজার গাছের চারা রোপণের উদ্যোগও নেওয়া হয়েছে। এতে সড়ক যোগাযোগের উন্নয়নের পাশাপাশি মহানগরের সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো মহানগরের খাল পুনরুদ্ধার ও পরিবেশ উন্নয়ন। এ লক্ষ্যে মোট ১৭টি খাল খনন এবং খালপাড়ে ব্লক বসিয়ে সবুজ বলয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের অবসর বিনোদনের জন্য বিনোদন কেন্দ্র বা রিক্রিয়েশন সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। খালপাড়ের এ পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ ও নগরবাসীর বিনোদনের সুযোগ সম্প্রসারিত হবে।
জিসিসি সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রাক্কলিত মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে ঋণ হিসেবে ১ হাজার ৩১৯ কোটি ৩৬ লাখ ৪৯ হাজার টাকা এবং সরকারি অনুদান হিসেবে ৮৭৯ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার টাকা অর্থায়ন করা হবে।
এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ৩৮৮ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০২৬ থেকে জুন ২০২৯ পর্যন্ত।
প্রকল্পের ফোকাল পারসন প্রকৌশলী আশরাফ হোসেন বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে গাজীপুরের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক সড়ক যোগাযোগ ও পণ্য পরিবহণে গতি আসবে। একই সঙ্গে খাল পুনঃখনন, বৃক্ষরোপণ ও সবুজ এলাকা সৃষ্টির মাধ্যমে গাজীপুরকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
