দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার
Advertisement
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন সড়কে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। সাজেকে জেএসএস নামধারী সশস্ত্র সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধ ও তাদের এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে এ অবরোধের ডাক দেয় ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কারবারি অ্যাসোসিয়েশন’।
রোববার সকাল ৬টা থেকে কর্মসূচি শুরু হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।
এরপরই বিকাল ৫টায় সড়ক থেকে ব্যারিকেড তুলে নিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং আটকেপড়া পর্যটকরা নিরাপদে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবরোধের কারণে রোববার সকাল থেকে সাজেক পর্যটন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সাজেকে আটকা পড়েন দুই সহস্রাধিক পর্যটক। দুপুর ২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় আটকে পড়া পর্যটকবাহী গাড়িগুলো নিয়ে আসার চেষ্টা করা হলে সাজেকের বাঘাইহাটের উজোবাজারে গাড়িবহর আটকে দেন অবরোধকারীরা। সেখানে মুখোমুখি অবস্থানের একপর্যায়ে উভয়পক্ষ সমঝোতা আলোচনায় বসে। আলোচনায় দাবি পূরণের আশ্বাস মিললে অবরোধকারীরা ব্যারিকেড সরিয়ে নিতে সম্মত হন।
সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা বলেন, আমরা আমাদের সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আগামী দুই দিনের মধ্যে অভিযান চালিয়ে সাজেক থেকে চিহ্নিত সন্ত্রাসীদের সরিয়ে নেওয়া, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানিমূলক তল্লাশি বন্ধ এবং সব ধরনের হুমকি প্রতিরোধের আশ্বাস দেওয়া হয়েছে। এই আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত করা হলো। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে দুদিন পর আবারও অনির্দিষ্টকালের কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, অবরোধের কারণে সকাল থেকে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। দুপুরে পর্যটকবাহী গাড়ি নিরাপত্তা বাহিনীর পাহারায় আসার পথে অবরোধকারীরা বাধা দেন। পরবর্তীতে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয় এবং অবরোধকারীরা ব্যারিকেড তুলে নেন। এরপর সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে এবং পর্যটকরা নিরাপদে রওনা হয়েছেন।
তিনি আরও জানান, স্থানীয়দের দাবির বিষয়টি আগামী দুই দিনের মধ্যে নিষ্পত্তির ব্যাপারে কার্যকর পদক্ষেপ শুরু হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে ও সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।
