অবরোধ প্রত্যাহারের ঘোষণা সাজেক কারবারির, প্রত্যাখ্যান অন্যদের
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
|
ফলো করুন |
|
|---|---|
নিজেদের সংগঠনের বিলুপ্তিসহ রাঙামাটির সাজেক পর্যটন সড়কে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা।
তবে অবরোধ প্রত্যাহারের বিষয়টি প্রত্যাখ্যান করে পালটা বক্তব্য দিয়েছেন সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। তিনি জানান, সাজেক পর্যটন সড়কে তাদের অনির্দিষ্টকালের অবরোধ চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে নতুন জয় চাকমা বলেন, দীর্ঘদিনের অবরোধে সাজেকের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
তার অভিযোগ, ইউপিডিএফের উসকানি ও প্ররোচনায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠিত হয়েছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাধারণ মানুষকে জোরপূর্বক এসব সংগঠনের কার্যক্রমে যুক্ত করা হচ্ছিল। বিভিন্ন কর্মসূচিতেও তাদের অংশ নিতে বাধ্য করা হচ্ছিল; কিন্তু একজন কারবারি হিসেবে স্থানীয় বাসিন্দাদের স্বার্থ ও অধিকার রক্ষায় তার দায়িত্ব রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই তিনি সংগঠনের কার্যক্রম থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত এবং অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন জয় চাকমা বলেন, ‘কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং সাজেকের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও বৃহত্তর কল্যাণের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অপরপক্ষে সাজেক পর্যটন সড়কে চলমান অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। তার দাবি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) চাপে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে আমাদের চলমান আন্দোলন ও অবরোধ অব্যাহত থাকবে।
অন্যদিকে রাজনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। জেএসএস কোনো ধরনের চাপ প্রয়োগ করেনি।
এছাড়া মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো আরেক বিবৃতিতে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা জানান, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেকবাসীর অবরোধ চলবে। জনগণের স্বার্থপরিপন্থি ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান অবরোধ সফল করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, রাঙামাটির সাজেক এলাকা থেকে জেএসএস সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে ২২ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চালিয়ে যাচ্ছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সাজেক সড়কে এখনো যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশসহ নিরাপত্তা বাহিনীর টহল জোরদার রয়েছে।
