সোনারগাঁয়ে দুই শিশুকে ধর্ষণ, আটক ২
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক ঘটনায় শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সোনারগাঁ পৌর এলাকার হাতকোপা ও বুধবার দুপুরে পৌর এলাকার দক্ষিণ ষোলপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার হীরাপুর গ্রামের মোর্শেদ আলমের ছেলে মো. নূরুল হক ও সোনারগাঁ পৌরসভার আবদুল মান্নানের ছেলে মো. ইলিয়াস।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁ পৌরসভার দক্ষিণ ষোলপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. ইলিয়াস গত মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী বাড়ির ৪ বছর বয়সি শিশুকন্যা খেলা করার সময় মজা (দোকানের খাবার) দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়। এ সময় সে ওই শিশুর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন কামনা চরিতার্থ করে। পরে শিশুটি ঘটনার কথা তার মায়ের কাছে বললে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
পরে বুধবার দুপুরে এলাকাবাসী অভিযুক্ত ইলিয়াসের বাড়ি ঘেরাও করে তাকে আটক করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইলিয়াসকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সোনারগাঁ পৌরসভার হাতকোপা এলাকায় ৫ বছর বয়সি আরেক কন্যাশিশু গত মঙ্গলবার বিকালে নূরুল হকের মুদি দোকানে চিপস কিনতে যায়। এ সময় ওই এলাকায় কোনো লোকজন না থাকার সুযোগে শিশুকে তার দোকানের ভেতরে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখায় সে। একপর্যায়ে ওই শিশুর মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারকে জানায়।
পরে তার আত্মীয়স্বজন ও এলাকাবাসী ওই দোকানে গিয়ে তাকে আটক করে গণধোলাই দেন। রাতে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নূরুল হককে গ্রেফতার করে নিয়ে আসেন।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ওই রাতেই মামলা দায়ের করেন।
অপরদিকে ভুক্তভোগী এক শিশুর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত নূরুল হককে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী এক শিশুর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অন্য শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
