নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪ শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষ ছিল। প্রায় চার হাজার বর্গফুটের ওই ফ্লোরের লাইব্রেরি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সাইনবোর্ডের শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ১টা ৫৫ মিনিটে মাদ্রাসাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নেভানো হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত ৭৮ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের অনেকের ধোঁয়া বা আগুনের তাপে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর রোগীদের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।
তিনি জানান, চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাদের মধ্যে একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। তার চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও আগুনের তাপে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের চিকিৎসা চলছে। আশঙ্কাজনক চারজনের মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮) রয়েছেন। অন্য আহতদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কাঁচপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষ ছিল। প্রায় চার হাজার বর্গফুটের ওই ফ্লোরের লাইব্রেরি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবনটির ওপরের তিনটি তলায় রাতে প্রায় ২৫০ শিক্ষার্থী ঘুমাতেন।
এদিকে আগুনের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এবং পুলিশ সুপারের একজন প্রতিনিধি।
তদন্ত কমিটির প্রধান আলী নুর খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। মাদ্রাসাটিতে আগুন নেভানোর ফায়ার ফাইটিং ব্যবস্থা ছিল না বলে কর্তৃপক্ষ স্বীকার করেছে। সার্বিক বিষয় তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। এতে কর্তৃপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষ পরিদর্শন করেন। তিনি বলেন, মাদ্রাসাটির লাইব্রেরি ছিল অত্যন্ত সমৃদ্ধ। ক্ষতিগ্রস্ত লাইব্রেরিটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে সহযোগিতা করা হবে। এ ছাড়া হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নিতে একটি দল পাঠানো হয়েছে।

-6af329771f39c.jpg)