আওয়ামী লীগ আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে: জাহিদ হোসেন
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
|
ফলো করুন |
|
|---|---|
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। যেকোনো উসকানিতে ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে উসকানিদাতাদেরও আইনের আওতায় আনতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। জেলায় জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে। ছেলে-মেয়েদের মাদক থেকে দূরে রাখতে হবে। ৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে পালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, পটকাবাজি, বোমাবাজি, বাসে আগুন দেওয়া ও মানুষকে উসকানি দেওয়া আওয়ামী লীগের ইতিহাস। সারাদেশের মানুষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে আগুন লাগিয়ে কীভাবে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে। তারা এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না।
মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।
পরে নামফলক উন্মোচনের মাধ্যমে দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী।

