অস্ত্র উদ্ধারে গিয়ে তোপের মুখে ডিবি
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী নুরুল হকের দোকানে কথিত অস্ত্র উদ্ধারে গিয়ে এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একদল সদস্য। এসময় বিনা অনুমতিতে দোকান ভাঙচুর ও হয়রানির অভিযোগে স্থানীয়রা ডিবি পুলিশ ও তার সোর্সদের প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে টঙ্গীর এরশাদনগর এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিবি পুলিশের সদস্যদের উদ্ধার করেন। এই ঘটনায় জড়িত কথিত দুই সোর্সকেও গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দুই সোর্স হলেন- আনোয়ার হোসেন (৩০) ও নাজমুল হাসান শান্ত (১৪)। এরা উভয়েই টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই সোর্স পরিকল্পিতভাবে ব্যবসায়ীদের হয়রানি করতে দোকানের ভিতরে দেশীয় অস্ত্র রেখে নাটক সাজানোর চেষ্টা করে।
একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী উত্তেজিত হয়ে তাদের অবরুদ্ধ করে রাখে। পরে রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) পরিদর্শক হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে একটি বন্ধ দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় কারো সঙ্গে আমাদের কোনো ঝামেলা হয়নি।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই সোর্সকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

-6b0acc430bda2.jpg)