পরকীয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যার পর স্বামীর ৯৯৯-এ ফোন, অতঃপর...
Advertisement
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি (২৪) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরের (২৮) বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর মনির নিজেই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে হত্যার দায় স্বীকার করেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
নিহত সুফিয়া আক্তার নিশি বন্দর উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। অভিযুক্ত মনির রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাড়ৈইপাড়া এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুল মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে বন্দর উপজেলার তিনগাঁও উত্তরপাড়ায় পুরাতন মসজিদসংলগ্ন সুফিয়ার পৈতৃক বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, পরকীয়াসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সোমবার (১২ অক্টোবর) রাতে এ বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুফিয়া নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে স্বামী মনির ঘুমন্ত অবস্থায় সুফিয়াকে ধারালো ছুরি দিয়ে জবাইয়ের পর ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
খবর পেয়ে বন্দর থানার ওসি জামাল উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মনিরকে আটক করা হয়েছে। তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

