নিখোঁজের ১৭ ঘণ্টা পর নদীতে থেকে শিশুর লাশ উদ্ধার
Advertisement
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর আবুবক্কর সিদ্দিক রাফি (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাজারসংলগ্ন ফুলদী নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
রাফি যশোর জেলার কালিয়া থানার নড়াগাতি গ্রামের খায়রুল ইসলামের ছেলে। খায়রুল ইসলাম পরিবারসহ গজারিয়াতে থেকে একটি কারখানায় চাকরি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে নামে রাফি। একপর্যায়ে সে নদীতে নিখোঁজ হয়।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়।
রোববার ভোরে রাফির মা নদীর পাড় দিয়ে হাঁটার সময় পানিতে ছেলের লাশ দেখতে পান। পরে তিনি নদী থেকে লাশটি উদ্ধার করেন।
গজারিয়া থানার ওসি মো. নকীব আকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি একটি অপমৃত্যুর ঘটনা। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বজনরা জানান, রাফির লাশ তার গ্রামের বাড়ি যশোরের নড়াগাতিতে নিয়ে যাওয়া হবে।
