ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
Advertisement
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই সঙ্গে প্রাণ হারিয়েছে জুনায়েদ (১০) ও হাসিব (৯) নামে দুই শিশু।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ উপজেলার রামনগর গ্রামের হালিমের ছেলে। সে গোপালনগর উত্তরপাড়ায় তার খালার বাড়িতে থেকে লেখাপড়া করত। স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল সে। অপর নিহত শিশু হাসিব গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়ির বাসিন্দা কাউসারের ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনরা জানান, শনিবার বেলা ১১টার দিকে জুনায়েদ ও হাসিবসহ কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সবার অগোচরে জুনায়েদ ও হাসিব পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে পুকুরে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে আসেন। পরে দ্রুত পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করা হয়।
মুমূর্ষু অবস্থায় তাদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেদওয়ান আহম্মদ হিমেল জানান, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য উভয় শিশুর ইসিজি করা হয়। ইসিজি পরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

-6ac0f0cb12f4a.jpg)