Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

পলাতক নেতাদের কর্মকাণ্ডে কুমিল্লায় তৃণমূলে ক্ষোভ

বিদেশে বসে কর্মসূচির নির্দেশ, গ্রেফতার হচ্ছেন মাঠের কর্মীরা * আইনি ও আর্থিক সহায়তা না পেয়ে ফেসবুকে অসন্তোষ প্রকাশ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পলাতক নেতাদের কর্মকাণ্ডে কুমিল্লায় তৃণমূলে ক্ষোভ

ফাইল ছবি

Advertisement

বিদেশে নিরাপদে অবস্থান করছেন দলের শীর্ষ নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপে দিচ্ছেন ঝটিকা মিছিল, অবরোধসহ নানা কর্মসূচির নির্দেশ। আর সেই নির্দেশ পালন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছেন মাঠপর্যায়ের সাধারণ নেতাকর্মীরা। বিপদের সময় পলাতক নেতাদের কাছ থেকে মিলছে না আর্থিক বা আইনি সহায়তা। এমন পরিস্থিতিতে কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। অনেকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রকাশ করছেন অসন্তোষ।

দলীয় একাধিক সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কুমিল্লার সাবেক সংসদ-সদস্যসহ অধিকাংশ শীর্ষ নেতা দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন অথবা আত্মগোপনে রয়েছেন। তৃণমূল কর্মীদের অভিযোগ, বিদেশে বসে এসব নেতা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মীদের ঝটিকা মিছিল ও সরকারবিরোধী কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন। এমনকি অপরিচিত ব্যক্তি ও কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করে পিকেটিং ও নাশকতার চেষ্টা চালানো হচ্ছে। অথচ এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে পড়ছেন এলাকায় থাকা সাধারণ কর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক আদর্শ সদর, দেবিদ্বার, মুরাদনগর ও চান্দিনা উপজেলার কয়েকজন কর্মী জানান, বিদেশে থাকা নেতারা ভিডিও বার্তা ও অডিও কলে ‘মাঠ গরম’ করার নির্দেশ দেন। কিন্তু কর্মসূচির ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেই পুলিশি অভিযানে গ্রেফতার হতে হয় সাধারণ কর্মীদের। বুধবার রাতে সড়ক-মহাসড়কে নাশকতা ও পিকেটিংয়ের ঘটনার পর জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসের ধারাবাহিক অভিযানে ছয় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গত তিন দিনে ৮১ জন এবং পরবর্তী এক রাতে আরও ১০৭ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ১২ নভেম্বর দাউদকান্দির ভেকিনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিলের প্রস্তুতিকালে হোমনার ১৬ নেতাকর্মীকে আটক করা হয়। সর্বশেষ বুধবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর ২৪ ঘণ্টার অভিযানে আরও ৬১ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলছে। যারা নাশকতায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। অপরাধে সম্পৃক্ত নন, এমন কাউকে হয়রানি করা হবে না।

তৃণমূল কর্মীদের অভিযোগ, ক্ষমতায় থাকার সময় যেসব নেতা টেন্ডারবাজি ও নিয়োগ বাণিজ্যসহ নানা উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন, দুঃসময়ে তারা কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না। কারাগারে থাকা চান্দিনা ও বরুড়ার কয়েকজন কর্মীর স্বজনরা জানান, মামলা পরিচালনা ও জামিনের খরচ জোগাতে কেউ ভিটেমাটি, কেউ গবাদিপশু বিক্রি করছেন। অথচ সহায়তা চেয়েও বিদেশে থাকা নেতাদের সাড়া মিলছে না। কর্মসূচির পর পালটা উত্তেজনাও বাড়ছে। মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর রামঘাটে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর এবং মুন্সেফবাড়িতে সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে তৃতীয়বারের মতো পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শীর্ষ নেতাদের এমন আচরণে দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হচ্ছে। অনেক কর্মীই এখন তাদের নির্দেশ অমান্য করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, শীর্ষ নেতারা দেশে ফিরে মাঠে না নামলে আমরা আর ঝুঁকি নিয়ে মাঠে নামব না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কোনো ছাড় নয়’

‘শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কোনো ছাড় নয়’

চাঁদা না দেওয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা

চাঁদা না দেওয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা

নাশকতা ঠেকাতে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২১১

নাশকতা ঠেকাতে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২১১

পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন সময়ের সেরা কৌতুক: খন্দকার মারুফ

পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন সময়ের সেরা কৌতুক: খন্দকার মারুফ

নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৫৪৪

নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৫৪৪

আ.লীগের সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

আ.লীগের সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

আরও পড়ুন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম