খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর
Advertisement
কিশোরগঞ্জ ব্যুরো ও কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার আনোয়ারখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নুসাইবা আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে ও আদিবা পার্শ্ববর্তী হোসেনপুরের শফিক মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
জানা গেছে, শফিকের স্ত্রী মরিয়ম বাবার বাড়িতে থেকে পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি করেন। সকালে ঘুম থেকে জেগে আদিবা তার মামাতো বোন নুসাইবার সঙ্গে বাড়ির সামনে ডোবার পাশে খেলছিল। খেলার একপর্যায়ে দুজনই ডোবার পানিতে পড়ে ডুবে যায়।
অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা ডোবার পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
