বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ
Advertisement
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পিএম
বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চাকা লাইনচ্যুত। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের বদরগঞ্জে একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে মাটিতে পড়ে গেছে। এতে কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার ১৩নং রেলঘুন্টির মেইন পয়েন্ট পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়।
ট্রেনে থাকা কয়েকজন যাত্রী জানান, ১৩ নং রেলঘুন্টির মেইন পয়েন্ট পার হওয়ার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। পরে দেখা যায়, ট্রেনটির চারটি চাকা রেললাইন থেকে মাটিতে পড়ে গেছে।
ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, মেইন সিগন্যাল পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ট্রেনের ব্রেক করা হয়।
তিনি জানান, ট্রেন থামানোর পর স্থানীয় কয়েকজন তাকে মারধর করেন। দুর্ঘটনার ক্ষেত্রে তার কোনো দায় নেই বলেও দাবি করেন তিনি।
বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ইমরুল কাইস বলেন, আন্তঃনগর ট্রেনটি সান্তাহার থেকে ছেড়ে আসে। ট্রেনটিকে লাইন ক্লিয়ার দেওয়া হয়েছিল এবং সিগন্যালও যথাযথভাবে দেওয়া হয়। মেইন লাইনের পয়েন্টও ঠিক ছিল। পয়েন্ট পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি বলেন, বর্তমানে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ ঘটনায় রমনা নামের একটি ট্রেনের চলাচলও সাময়িকভাবে বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর লাইন স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে ঠিক কী কারণে ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

-6adccca4f11be.jpg)