রংপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে আগামী ৩০ নভেম্বর এ কর্মসূচি ঘোষণা করা হয়।
|
ফলো করুন |
|
|---|---|
নেসকোর প্রিপেইড মিটার অপসারণ, প্রকল্প বাতিল, নতুন গ্রাহকদের ডিজিটাল পোস্টপেইড মিটার প্রদান, দুর্নীতি ও সেবার নামে হয়রানি বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রংপুরে অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম।
রোববার (১৮ অক্টোবর) রংপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে আগামী ৩০ নভেম্বর এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন গ্রাহক ফোরামের উপদেষ্টা মীরজা বাবর বাবলু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, সদস্য শফিউল আযম, শহিদুল ইসলাম সুমন ও নুরপুর অঞ্চল কমিটির আহ্বায়ক শান্ত মিয়াসহ সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনস্বার্থবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতৃত্বে রংপুরবাসী আন্দোলন করে আসছেন। ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে দফায় দফায় স্মারকলিপি দেওয়া, মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সর্বশেষ ‘স্তব্ধ রংপুর’ প্রতীকী কর্মসূচি ও নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হলেও নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের গণদাবি উপেক্ষা করে একগুঁয়েমি কার্যক্রম অব্যাহত রেখেছে।
তারা বলেন, রংপুর একটি দরিদ্রপীড়িত অঞ্চল। মানুষের সীমিত আয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে সংসার চালানো কঠিন। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের নানা অনিয়ম, অব্যাহত লোডশেডিং ও ভুতুড়ে বিলের সঙ্গে প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য বাড়তি ভোগান্তি তৈরি করেছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
দাবিগুলোর বিষয়ে কোনো সমাধান না আসায় আগামী ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

-6ad4dcdc2057a.jpg)