Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রায়হানের মা

‘খুনিরা সব পালিয়েছে, রায় শুনে কী করব’

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম

‘খুনিরা সব পালিয়েছে, রায় শুনে কী করব’

নিহত রায়হান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর

Advertisement

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে পৈশাচিক নির্যাতনে রায়হান আহমদকে (৩৪) হত্যার বহুল আলোচিত মামলায় প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।  একই সঙ্গে বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাস এবং কনস্টেবল হারুন অর রশীদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর তিন আসামি বহিষ্কৃত এএসআই আশেক এলাহী, এএসআই হাসান উদ্দিন ও সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমানকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী দেশব্যাপী তোলপাড় করা এ চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পিপি জানান, মামলায় অভিযুক্ত ৬ জন আসামির মধ্যে শুধু এএসআই আশেক এলাহী কারাগারে আছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হলেও প্রধান অপরাধী এসআই আকবরসহ বাকি পাঁচজন আসামিই জামিনে আছেন।  তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে বিদেশে পালিয়েছেন বলে জানা গেছে। 

রায় ঘোষণার আগে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে মামলার ১ নম্বর আসামি এসআই আকবরসহ অন্য প্রধান আসামিদের জামিন ও পালিয়ে যাওয়ার বিষয়ে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে নিহত রায়হানের মা সালমা বেগম সাংবাদিকদের বলেন, আমার রায়হানকে যারা নির্যাতন করে খুন করল তারা তো পালিয়ে গেছে, এই রায় শুনে আমি কী করব? রাজনৈতিক পটপরিবর্তনের পর বিচারকাজের যুক্তিখণ্ডন শেষ হওয়া সত্ত্বেও কিভাবে আসামিরা জামিন পেয়ে পালিয়ে যাওয়ার সুযোগ পেল? আজ তো শুধু কাগজে-কলমে রায় হবে, আসামিরা শাস্তি না পেলে আমার বিগত ৬ বছরের দীর্ঘ অপেক্ষা আর অনাহার-কষ্টের লড়াই তো বিফলে গেল। 

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে আখালিয়ার নিহারিপাড়ার যুবক রায়হান আহমদকে আটক করে বন্দরবাজার ফাঁড়িতে এনে অমানুষিক নির্যাতন চালানো হয়।  নির্যাতনে রায়হান অনেকটা নিথর হয়ে পড়লে ১১ অক্টোবর ভোরে ওসমানী হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ওখানের চিকিৎসকরা রায়হানকে মৃত ঘোষণা করেন। 

পরবর্তীতে রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা দায়ের করলে পিবিআই তদন্ত শেষে ২০২১ সালের ৫ মে এসআই আকবরকে প্রধান অভিযুক্ত করে মোট ৬ জনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করে। একই বছরের ৩০ সেপ্টেম্বর বিচার কার্যক্রম শুরু হয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এই রায় ঘোষিত হয়। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে: মাছ শিকারে নামতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে: মাছ শিকারে নামতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

নিরাপদ খাবার পানির তীব্র সংকটে দিরাই-শাল্লার হাজারও পরিবার

নিরাপদ খাবার পানির তীব্র সংকটে দিরাই-শাল্লার হাজারও পরিবার

নিষেধাজ্ঞার পর নতুন করে স্বপ্ন দেখছেন জেলেরা

নিষেধাজ্ঞার পর নতুন করে স্বপ্ন দেখছেন জেলেরা

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম