সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম
সিলেট শিক্ষা বোর্ড। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এবার বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সিলেট শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন।
বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭১ হাজার ৮৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৫৯৭ জন। অকৃতকার্য হয়েছে ৩৫ হাজার ২৯৬ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী।
বোর্ডের তথ্য অনুযায়ী, এর আগে ২০০৫ সালে সিলেট বোর্ডে পাশের হার ছিল ৪৪ দশমিক ৪০ শতাংশ। গত বছর ২০২৫ সালে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন।
ফল বিপর্যয়ের কারণ সম্পর্কে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন বলেন, পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর অনুপস্থিতি, ইংরেজি ও বিজ্ঞানের কয়েকটি বিষয়ে খারাপ ফল, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সামাজিক ও পারিপার্শ্বিক পরিস্থিতি এ ফলাফলে প্রভাব ফেলেছে। কারণ অনুসন্ধানে জেলাভিত্তিক ও বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীন ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাশ করেছে। অন্যদিকে তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য এসব প্রতিষ্ঠানের মধ্যে হবিগঞ্জ জেলার একটি এবং সুনামগঞ্জ জেলার দুটি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিষয়ে কারণ দর্শানোর নোটিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
এদিকে পাসের হার ও জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। বোর্ডের তথ্য অনুযায়ী, জিপিএ-৫ পাওয়া ১ হাজার ২০৪ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি। বিশেষ করে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রীদের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে।
সিলেট বোর্ডের গত ২০ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০০৬ সালে পাশের হার ছিল ৬৫ দশমিক ৪৫ শতাংশ। ২০১২ সালে তা ছিল ৮৫ দশমিক ৩৭ শতাংশে। এরপর ২০১৯ সালে পাশের হার ছিল ৬৭ দশমিক ০৫ শতাংশ। ২০২০ সালে অটো পাশের কারণে পাশের হার ছিল ১০০ শতাংশ। ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়ে পাশের হার দাঁড়ায় ৯৪ দশমিক ৮০ শতাংশ। পরবর্তী সময়ে ২০২২ সালে ৮১ দশমিক ৪০ শতাংশ, ২০২৩ সালে ৭১ দশমিক ৬২ শতাংশ এবং ২০২৪ সালে ৮৫ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাশ করে। তবে এরপর টানা দুই বছর পাসের হার কমে যাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে।

-6ae6157a42836.jpg)