এক কলেজে পরীক্ষার্থী মাত্র একজন, ফেল করলেন তিনিও
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জ পৌর শহরের এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। তবে ফল প্রকাশের পর দেখা গেছে, সেই একমাত্র পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি। তিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি জানা যায়। ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আশরাফুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, কলেজে শিক্ষক সংকটের কারণে এবার মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে তিনিও একটি বিষয়ে ফেল করেছেন।
স্থানীয়দের অভিযোগ, হাতেগোনা দু-একজন নিয়মিত শিক্ষার্থী নিয়ে কোনোরকমে চলছে প্রতিষ্ঠানটি। কলেজের শিক্ষকরা নিয়মিত আসেন না। ঠিকমতো ক্লাসও হয় না। অনেক সময় নির্ধারিত সময়ের আগেই ছুটি হয়ে যায়।
অধ্যক্ষ আশরাফুল ইসলাম জানান, কলেজে পাঁচজন শিক্ষক থাকলেও তারা নিয়মিত আসেন না। বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরে ছয়জন এবং মাধ্যমিক স্তরে ১৭৪ জন শিক্ষার্থী রয়েছে। তবে শিক্ষক ও শিক্ষার্থী সংকটে কলেজ শাখাটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রতিষ্ঠানটি থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি তিনি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
