গুরুদাসপুরে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
Advertisement
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের গুরুদাসপুরে এবারের এইচএসসি পরীক্ষায় ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিতে কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। প্রতিষ্ঠান পাঁচটিই নন-এমপিওভুক্ত। উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৪৫ শতাংশ, যা গত বছর ছিল ৫৮ শতাংশ।
নাটোরের জেলা শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালী এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুরুদাসপুরে উচ্চমাধ্যমিক পর্যায়ে ১ হাজার ৩৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৫৭ জন। অকৃতকার্য হয়েছে ৭৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
অন্যদিকে, ভোকেশনাল শাখায় ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৯ জন। ফেল করেছে ২১৯ জন। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। আলিম শাখায় ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৮ জন। অকৃতকার্য হয়েছে ৩৭ জন। এ শাখায় কেউ জিপিএ-৫ পায়নি।
যেসব পাঁচটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি, সেগুলো হলো—চলনবিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কমার্স কলেজ, চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য এবং বিএম ইনস্টিটিউট, দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ এবং নূর মোহাম্মদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
এর মধ্যে চলনবিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কমার্স কলেজের ২৩ জন, বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য এবং বিএম ইনস্টিটিউটের ১৫ জন এবং নূর মোহাম্মদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ২৩ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের তিনজন এবং দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজের দুজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার বলেন, অকৃতকার্য হওয়া পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-6ae76a0913335.jpg)