নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম
এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ নওশাদ আলম (৩৩) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার শাহেরখালী ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার বাড়ি থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতার নওশাদ আলম শাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালি এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
মীরসরাই থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে নওশাদ আলমকে অস্ত্রসহ গ্রেফতার করে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, অস্ত্রসহ নওশাদ আলম নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ বিষয়ে মীরসরাই থানা যুবদলের সমন্বয়ক এসএম সুমন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রধারীর জায়গা হবে না। কারো ব্যক্তিগত দায় দল নেবে না। ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
